কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় 'ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াকে (ইউনিমাস) এক সেমিস্টারের স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের আবেদন শুরু হয়েছে আজ। আবেদন করা যাবে জুনের মাসের ২৮ তারিখ রাত ১২টা পর্যন্ত।
বুধবার (১৭ জুন) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) এ থাকা অংশীদার প্রতিষ্ঠান ইউনিমাস এর প্রোগ্রামে অংশ নিতে আবেদনকারীদের অন্তত প্রথম বর্ষ বা দ্বিতীয় সেমিস্টার সম্পন্ন হতে হবে। পাশাপাশি তাদের সিজিপিএ ২ দশমিক ৭৫ বা তার বেশি থাকতে হবে।
এ ছাড়াও আবেদনকারীদের ইংরেজি ভাষাগত দক্ষতার প্রমাণও জমা দিতে হবে। সেক্ষেত্রে IELTS 5.0, TOEFL iBT 42, PTE 47, Cambridge 154, CEFR B1 অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত নির্দিষ্ট সনদের যেকোনো একটি গ্রহণযোগ্য হবে।
আরও বলা হয়, আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত আবেদন ফরম ও চেকলিস্টে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্র পিডিএফ করে info@cou.ac.bd এই ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। ই-মেইলের বিষয় হিসেবে "UNIMAS Application" উল্লেখ করতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের আন্তর্জাতিক এক্সচেঞ্জ প্রোগ্রাম শিক্ষার্থীদের বৈশ্বিক একাডেমিক পরিবেশে, আন্তঃসাংস্কৃতিক অভিজ্ঞতা অর্জন এবং উচ্চশিক্ষার আন্তর্জাতিক সুযোগ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা অর্জনে সহায়তা করবে।
আরটিভি/টিআর




